ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস নেতা খলিল আল-হাইয়ার পরিবারের সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে হামলায় তার এক ছেলে প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে হামাস। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে চালানো এ হামলার পাশাপাশি গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
হামাসের কর্মকর্তা বাসেম নাইম জানান, ইসরায়েলি হামলায় ২৯ বছর বয়সী ইজ্জেলদিন আল-হাইয়া ও তার পরিবার প্রাণে বেঁচে গেছেন। তবে বার্তা সংস্থা রয়টার্সকে হামাসের একটি সূত্র জানিয়েছে, হামলায় খলিল আল-হাইয়ার পুত্রবধূসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ছাড়া তার প্রয়াত আরেক ছেলে আজ্জামের পরিবারও হামলা থেকে রক্ষা পেয়েছে।
বাসেম নাইম ইজ্জেলদিনকে হামাস নেতার জীবিত থাকা সর্বশেষ ছেলে হিসেবে উল্লেখ করেন। তার চার ছেলে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। ২০০৮ সালে হামজাকে, ২০১৪ সালে ওসামাকে, গত বছরের সেপ্টেম্বরে হুমামকে এবং চলতি বছরের মে মাসে আজ্জামকে হত্যা করা হয়।
গত বছর কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় নিহত হুমামের যমজ ভাই ইজ্জেলদিন। ওই হামলার সময় খলিল আল-হাইয়া অল্পের জন্য প্রাণে বেঁচে যান। পরবর্তী সময়ে গত জুলাইয়ে তাকে হামাসের নেতা হিসেবে মনোনীত করা হয়।
শুক্রবারের হামলার নিন্দা জানিয়ে হামাস একে খলিল আল-হাইয়ার ছেলেকে হত্যার পাশাপাশি তার পরিবারকে লক্ষ্যবস্তু করার চেষ্টা বলে অভিহিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের পক্ষ থেকে হামাস নেতার বিরুদ্ধে দেওয়া হুমকির সঙ্গে এই হামলাকে যুক্ত করেছে গোষ্ঠীটি। তাদের অভিযোগ, ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তি দুর্বল করার চেষ্টা করছে ইসরায়েল।
এক বিবৃতিতে হামাস বলেছে, এই ‘কাপুরুষোচিত কর্মকাণ্ড’ ইসরায়েলি নেতাদের ‘মানবিক ও নৈতিক মূল্যবোধ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা’ প্রকাশ করে।
গাজার বিভিন্ন এলাকায় হামলা, নিহত আরও কয়েকজন
এদিকে শুক্রবার গাজার অন্যান্য এলাকাতেও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, উত্তর গাজায় একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম খালেদ আসাফ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওয়াফা জানিয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে বির আল-নাজা এলাকায় গাড়িটিতে হামলা চালানো হয়।
দক্ষিণ গাজার রাফাহ শহরে আল-বাহর স্ট্রিটের মুয়াবিয়া মসজিদের কাছে হামলার পর তিন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল। এ সময় দুজন আহত ব্যক্তিকেও উদ্ধার করা হয় বলে জানিয়েছে ওয়াফা।
এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি শিশু আহত হয়েছে। চিকিৎসাসূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওয়াফা জানিয়েছে, পূর্ব দিকের ‘হলুদ রেখা’ সংলগ্ন অবস্থান থেকে ইসরায়েলি বাহিনী বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে বারবার গুলি চালায়।
বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক অভিযানে এক জ্যেষ্ঠ শিক্ষা কর্মকর্তাসহ ১০ ফিলিস্তিনি নিহত হওয়ার পর শুক্রবারও এসব হামলা অব্যাহত থাকে।
অন্যদিকে, গাজা সিটির আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালের একটি ভবনকে জিজ্ঞাসাবাদ কেন্দ্র হিসেবে ব্যবহার করার ইসরায়েলি সেনাবাহিনীর অভিযোগকে ‘হাস্যকর’ বলে প্রত্যাখ্যান করেছে হামাস।
বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী ও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত অভিযোগ করে, হাসপাতাল কমপ্লেক্সের ভেতরে হামাস সামরিক কার্যক্রম পরিচালনা করছে।
শুক্রবার দেওয়া এক বিবৃতিতে হামাস জানায়, হাসপাতালকে ঘিরে ইসরায়েলের এ ধরনের অভিযোগ গাজা উপত্যকার চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে চলমান উসকানির অংশ। তাদের দাবি, হাসপাতালগুলো গাজায় কর্মরত বেসামরিক ও জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত জনসাধারণের স্থান। ইসরায়েল কখনোই তাদের অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন করেনি বলেও দাবি করেছে গোষ্ঠীটি।
হাসপাতালটির তত্ত্বাবধানকারী জেরুজালেমের এপিস্কোপাল ডায়োসিস জানিয়েছে, হাসপাতাল প্রাঙ্গণে কোনো গোপন জিজ্ঞাসাবাদ কেন্দ্র থাকার বিষয়ে তাদের কিছু জানা নেই।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় অন্তত ১ হাজার ৭০৫ ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজার ১৬৩ জন আহত হয়েছেন।
এ ছাড়া ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৭৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সূত্র: আল জাজিরা, রয়টার্স ও ওয়াফা