রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। একই সঙ্গে ক্যাম্পের সীমানা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা জরুরি।
রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীতে ইনস্টিটিউট অব গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন (আইজিসি ফাউন্ডেশন) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। মাদকসহ বিভিন্ন ইস্যুতে রোহিঙ্গা ক্যাম্পগুলোর নেতিবাচক পরিবেশ আইনশৃঙ্খলার জন্য উদ্বেগের বিষয়। ক্যাম্পের সীমানা কঠোরভাবে নিয়ন্ত্রণ করাও জরুরি।’
তিনি বলেন, রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের সীমাহীন সমস্যা ও ভোগান্তি পোহাতে হচ্ছে। ক্যাম্পের জনসংখ্যা যত বাড়বে, সংকট ততই ঘনীভূত হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা অব্যাহত রাখা জরুরি। তবে এই সহায়তা সাময়িক ব্যবস্থা; এটি কোনোভাবেই প্রত্যাবাসনের বিকল্প নয়।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানের সঙ্গে দ্রুত প্রত্যাবাসনে বিশ্বের প্রভাবশালী দেশগুলো এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রত্যাশা করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আশা করবে, জাতিসংঘের আসন্ন অধিবেশনে রোহিঙ্গা সংকট সমাধানের গুরুত্বপূর্ণ আলোচনা যেন অন্য কোনো প্রসঙ্গের আলোচনায় চাপা না পড়ে যায়।’