Home আজকের মিল্লাত যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে রানওয়েতে দুই যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে রানওয়েতে দুই যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষ

A+A-
Reset

যুক্তরাষ্ট্রের শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে আমেরিকান এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উড়োজাহাজ দুটির ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

এফএএ এক বিবৃতিতে জানায়, ডালাস-ফোর্ট ওয়ার্থগামী আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৬৩৮ শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরগামী ফ্লাইট ২১৫২-এর ডানায় আঘাত হানে। এ ঘটনায় কীভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে সংস্থাটি।

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, সংঘর্ষের পর বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ দুটি নির্ধারিত গেটে ফিরিয়ে নেওয়া হয়। রক্ষণাবেক্ষণ দলের পরীক্ষা-নিরীক্ষার জন্য উড়োজাহাজ দুটির চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের নিরাপদে নামিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।

শিকাগোগামী ফ্লাইট ২১৫২-এর এক যাত্রী বিবিসিকে জানান, উড্ডয়নের প্রস্তুতির সময় হঠাৎ উড়োজাহাজের ডান পাশে বড় ধরনের ঝাঁকুনি অনুভব করেন তিনি। সংঘর্ষের মুহূর্তে উড়োজাহাজটি প্রচণ্ড কেঁপে ওঠে এবং কেবিনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওই যাত্রী আরও জানান, জানালা দিয়ে বাইরে তাকিয়ে মাটিতে উড়োজাহাজের ডানার একটি ভাঙা অংশ পড়ে থাকতে দেখেন তিনি। পরে উড়োজাহাজটি গেটে ফিরে যাওয়ার সময় একটি ট্রাককে ক্ষতিগ্রস্ত অংশটি সরিয়ে নিতে দেখেন।

উল্লেখ্য, একই বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ২০২৫ সালের জানুয়ারিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মাঝআকাশে সংঘর্ষ হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় ৬৭ জন প্রাণ হারান।

এদিকে, হোয়াইট হাউস ও পেন্টাগনের খুব কাছাকাছি অবস্থিত বিমানবন্দরটির আশপাশে গত বছর থেকে বন্ধ থাকা সামরিক হেলিকপ্টারের পরীক্ষামূলক ফ্লাইট চলতি সপ্তাহেই পুনরায় শুরুর পরিকল্পনার কথা জানিয়েছিল মার্কিন সেনাবাহিনী।

সূত্র: সিএনএন

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা