Home আজকের মিল্লাত ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাস সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাস সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

A+A-
Reset

আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশটা সবার। তাই দেশকে সবাই মিলে গড়ে তুলতে হবে। সকলে মিলে চেষ্টা করলে দেশের পরিবর্তন সম্ভব।’

অনুষ্ঠানস্থল থেকে অনলাইনে দেশের সব জেলার স্কাউটস, বিএনসিসি, গার্লস গাইড, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লাখ লাখ তরুণের সঙ্গে যুক্ত হন প্রধানমন্ত্রী।

বক্তব্যের শুরুতে তরুণদের শক্তির পরিসংখ্যান তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ এবং বিএনসিসির সদস্য প্রায় ২২ হাজার। এ ছাড়া হাইস্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রায় দেড় কোটি এবং প্রাথমিক পর্যায়ে আড়াই কোটি শিক্ষার্থী রয়েছে। এত বিপুলসংখ্যক মানুষ দেশ পুনর্গঠনে যুক্ত হলে কেউ বাংলাদেশকে এগিয়ে যাওয়ার পথে বাধা দিতে পারবে না।

তরুণ সমাজের পরিবর্তনের সক্ষমতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের বিশাল তরুণ সমাজ যদি দেশ পরিবর্তনের উদ্যোগ নেয়, তাহলে সেই পরিবর্তন সম্ভব। তরুণ সমাজ যে পরিবর্তন আনতে পারে, ২০২৪ সালের ৫ আগস্ট তারা তা সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। পরিবর্তনের সূচনা সেখান থেকেই হয়েছে।

দেশব্যাপী শুরু হওয়া পরিচ্ছন্নতা অভিযানের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, ‘পরিবর্তনের সূচনা সেখান থেকেই তরুণ সমাজ করেছে। কাজেই আসেন, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আগামী তিন মাস আমরা ডেঙ্গুর যে সমস্যাটা, এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করব। হয়তো আমরা ১০০ ভাগ পারব না, কিন্তু অন্তত ৮০ ভাগ আমরা পারব।’

এ সময় পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে সবাইকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রতিদিন অন্তত এক ঘণ্টা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের তরুণ সমাজ দেখিয়ে দিয়েছে, দেশকে কীভাবে পরিবর্তন করতে হয়। পরিবর্তন হয়েছে। তরুণ সমাজের কাছে আমার আহ্বান—আসুন, এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি।’

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা