Home আজকের মিল্লাত জাতীয় ঐক্য বজায় থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী

জাতীয় ঐক্য বজায় থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী

A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক:

জাতি ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতে কেউ যেন জনগণের অধিকার হরণ করতে না পারে, সে লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘১৯৭১-এর যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ ছিল স্বাধীনতা রক্ষার। সময়ের সঙ্গে প্রমাণ হয়েছে, ৭ নভেম্বর ছিল ভবিষ্যতের পথরেখা নির্ণয়ের দিন। এদিন বাংলাদেশি পরিচয়ের ভূমিকা নির্ধারিত হয়। দিনটির নায়ক দেশপ্রেমিক সিপাহি-জনতা। জিয়াউর রহমান যেভাবে ৭ নভেম্বর বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন, ঠিক একইভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনেও নেমেছিলেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে আর কেউ যেন জনগণের অধিকার হরণ করতে না পারে, এটাই হোক আমাদের অঙ্গীকার। এই অঙ্গীকার বাস্তবায়নে প্রয়োজন জাতীয় ঐক্য। এজন্য সিপাহি-জনতার অবদান স্মরণ রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘যতবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এবং গণতন্ত্র বিপন্ন হয়েছে, ততবারই ৭ নভেম্বরের চেতনায় দেশ ঘুরে দাঁড়িয়েছে। আমাদের লক্ষ্য নিরাপদ, মানবিক, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে সরকারপ্রধান বলেন, ১৯৭৫ সালে দেশপ্রেমিক সিপাহি-জনতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা পালন করেন। ৭ নভেম্বর ছিল শত্রু ও মিত্র চেনার দিন। দেশপ্রেমিক ও জাতীয়তাবাদীদের কাছে দিনটি জাতীয় ঐক্য ও চেতনার বাতিঘর।

তারেক রহমান বলেন, ‘যারা বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল এবং দেশের সশস্ত্র বাহিনীর গৌরবকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিল, তাদের ষড়যন্ত্র রুখে দিয়েছিল সিপাহি-জনতা। কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি। বরং মহাজোট করে পিলখানায় সেনা হত্যা করে ফ্যাসিবাদ কায়েম করেছে।’

এর আগে শনিবার সকাল ৮টার দিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দলীয় প্রধান হিসেবে দলের অন্যান্য নেতাকে সঙ্গে নিয়ে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা