ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব ও সিরিয়া। বুধবার (৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা রিয়াদ সফরকালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। এ সময় দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এক মাসেরও কম সময়ের মধ্যে সৌদি আরবে এটি ছিল দুই নেতার দ্বিতীয় সাক্ষাৎ।
তবে চুক্তির বিস্তারিত বিষয় প্রকাশ করা হয়নি। এর আগে গত মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে চলমান সংঘাতে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি সিরিয়া সতর্কতার সঙ্গে বিবেচনা করছিল।
এ বিষয়ে সে সময় এক সিরীয় কূটনীতিক বলেছিলেন, সামরিক সহযোগিতা বা দক্ষতা বিনিময়ের যেকোনো অনুরোধ কেবল আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশের সম্পর্ক পরিচালনাকারী দ্বিপক্ষীয় চুক্তির কাঠামোর মধ্যেই বিবেচনা করা হবে।
আল-শারার রিয়াদ সফরকালে দুই দেশের মধ্যে আরও কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর বিশ্বশক্তিগুলোর সঙ্গে দামেস্কের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সৌদি আরব। একই সঙ্গে সিরিয়াকে আর্থিক সহায়তাও দিয়ে যাচ্ছে দেশটি।
সিরিয়ার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির উন্নয়ন ও সেবা খাতকে সহায়তা করতে ৪০ কোটি ৩ লাখ ডলারের বেশি মূল্যের রেয়াতি উন্নয়ন ঋণ দেওয়ার লক্ষ্যে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট সিরিয়ার অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ছয়টি চুক্তি স্বাক্ষর করেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল