দিনব্যাপী সফরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরে মোংলা বন্দরের মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, আন্তর্জাতিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ, হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত এবং ক্রীড়া উৎসবের উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে সরাসরি বাগেরহাটের মোংলায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে মোংলা বন্দরে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
এরপর ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় দুটি নতুন কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকারপ্রধান।
মোংলা বন্দরের কর্মসূচি শেষে দুপুরে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পরে সড়কপথে খুলনার উদ্দেশে রওনা হয়ে খুলনা সার্কিট হাউজে মধ্যাহ্নবিরতি করবেন তিনি।
বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস—সিজন টু’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তারেক রহমান। সফরের কর্মসূচি শেষে একই দিন তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট অঞ্চলে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাঁর সফরকে স্বাগত জানিয়ে খুলনা নগরীর বিভিন্ন সড়কের দেয়ালে দক্ষিণাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার নানা চিত্র তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে দুই জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।