Home আজকের মিল্লাত যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় জেট বিমান বিধ্বস্ত, নিহত ৯

যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় জেট বিমান বিধ্বস্ত, নিহত ৯

A+A-
Reset

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় ব্যবসায়িক জেট বিমান বিধ্বস্ত হয়ে আরোহীদের ৯ জনের সবাই নিহত হয়েছেন। বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাচ্ছিল। সোমবার (২ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি। তিনি এ ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেন। দুর্ঘটনার তদন্তে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডকে (এনটিএসবি) সহায়তা করতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কর্মকর্তারা ঘটনাস্থলে রওনা হয়েছেন বলেও জানান তিনি।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ধ্বংসযজ্ঞকে ‘প্রলয়ংকারী’ বলে বর্ণনা করেন। সাংবাদিকদের তিনি বলেন, বিমানটি দেখতে ‘একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসার মতো’ মনে হচ্ছিল। এটি রাস্তার পাশে একটি বিশাল গর্ত তৈরি করেছে। তবে দুর্ঘটনায় মাটিতে থাকা কেউ হতাহত হননি বলে জানান তিনি।

উড্ডয়ন পর্যবেক্ষণকারী সংস্থা লাইভএটিসি ডট নেটের সংগ্রহ করা ককপিটের কথোপকথনের রেকর্ডিংয়ে শোনা যায়, বিমানটি দ্রুত উচ্চতা হারানোর আগে পাইলট বরফ জমার সমস্যার কথা বলছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণযোগ্য বলেও উল্লেখ করেন তিনি। এর কিছুক্ষণ পরই আতঙ্কিত ক্রুদের চিৎকার করে বলতে শোনা যায়, ‘আমরা মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে লিয়ারজেট ৬০ মডেলের বিমানটিকে তীব্র গতিতে খাড়া কোণে মাটিতে আছড়ে পড়তে এবং এরপর বড় ধরনের বিস্ফোরণ ঘটতে দেখা যায়।

বিমানটি ব্যক্তিগত হলেও এতে কারা আরোহী ছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য দিতে পারেনি অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।

সূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা