ফারুক আহমদ, ( নিজস্ব প্রতিবেদক) :
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকা থেকে আজ সকাল ৬ টার সময় (৩/১০/২০২৬) বিপুল পরিমাণ কম্বলসহ পাঁচজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। উদ্ধার হওয়া কম্বলের আনুমানিক পরিমাণ প্রায় দুই ট্রাক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে সারদাগঞ্জ আয়নাল মার্কেটের পশ্চিম পাশের একটি বাড়িতে দুটি বাসে করে বিপুল পরিমাণ কম্বল এনে মজুত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ আজ ওই বাসায় অভিযান চালায়। অভিযানে কম্বল বহনে ব্যবহৃত দুটি বাস, প্রায় দুই ট্রাক পরিমাণ কম্বল এবং আরও কিছু মালামাল জব্দ করা হয়।
ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে পাঁচজনকে। আটককৃতদের মধ্যে ওয়াসীম নামে এক ব্যক্তি ও তাঁর স্ত্রী রয়েছেন।
পুলিশের প্রাথমিক ধারণা, এসব মালামাল অবৈধভাবে আনা বা কেনাবেচার সঙ্গে একটি চক্র জড়িত রয়েছে। ঘটনার নেপথ্যে ওয়াসীমকে ঘিরে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও তিনি কোনো চোরাই বাণিজ্য সিন্ডিকেটের মূলহোতা কি না—তা তদন্ত সাপেক্ষে যাচাই করা হচ্ছে।
এ বিষয়ে কাশিমপুর থানা পুলিশ জানায়, জব্দ করা মালামালের প্রকৃত উৎস, মালিকানা এবং কী উদ্দেশে সেগুলো সেখানে রাখা হয়েছিল তা খতিয়ে দেখতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।