Home আজকের মিল্লাত সহিংস বিক্ষোভে ফ্রান্সের একাধিক শহরে কারফিউ, জরুরি অবস্থা জারির শঙ্কা

সহিংস বিক্ষোভে ফ্রান্সের একাধিক শহরে কারফিউ, জরুরি অবস্থা জারির শঙ্কা

A+A-
Reset

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ায় ফ্রান্সের রাজধানী প্যারিসসহ একাধিক শহরে কারফিউ ও জনসমাবেশে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি অবস্থা জারির সম্ভাবনাও বিবেচনায় রাখা হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নুর কার্যালয় থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রধানমন্ত্রীর দপ্তরের ঘোষণা অনুযায়ী, উত্তরাঞ্চলের লিলসহ চারটি শহরে সোমবার ও মঙ্গলবার রাত ৮টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে। রাজধানী প্যারিসে সোমবার রাত ৯টা থেকে বিক্ষোভের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মার্সেইতে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বিক্ষোভের কারণে প্যারিসের বিশ্বখ্যাত লুভ্‌র জাদুঘরের প্রবেশপথ অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে পর্যটকদের জন্য জাদুঘরটি বন্ধ করে দিতে হয়।

পরিস্থিতি ঘিরে রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা তৈরি হয়েছে। সহিংসতা মোকাবিলায় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ পদত্যাগের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহের বিক্ষোভে আড়াই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় এক হাজার নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। এ ছাড়া তিন হাজারের বেশি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক শ মিলিয়ন ইউরোর আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ফ্রান্সের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের বিভিন্ন দেশ। পরিস্থিতি বিবেচনায় নিজেদের নাগরিকদের জন্য ফ্রান্স ভ্রমণসংক্রান্ত সতর্কতা হালনাগাদ করেছে জার্মানি। চীনও এ বিষয়ে সতর্কতা জারি করেছে। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন সহিংসতার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সুরক্ষার আহ্বান জানিয়েছে।

ফ্রান্সে তেল ও খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষ ইতালি, বেলজিয়াম, স্পেন ও পর্তুগালেও ছড়িয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা