ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করায় ন্যাটোর মিত্র দেশগুলোর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউরোপের পাশে যুক্তরাষ্ট্র থাকলেও প্রয়োজনের সময় ওয়াশিংটনকে সহযোগিতা করেনি ন্যাটোর মিত্ররা। এ পরিস্থিতিতে দ্রুত সঠিক পথে না ফিরলে সামরিক জোটটি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না।
সোমবার (১৯ অক্টোবর) এক নির্বাচনী প্রচার সভায় বক্তব্য দেওয়ার সময় ন্যাটোর মিত্রদের ভূমিকার তীব্র সমালোচনা করেন ট্রাম্প।
তিনি বলেন, বিভিন্ন ত্রুটি ও দুর্বলতা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইউরোপের পাশে রয়েছে। তবে মিত্র দেশগুলোকে দ্রুত সঠিক পথ খুঁজে নিতে হবে। অন্যথায় ন্যাটো ছাড়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের সামনে একমাত্র বিকল্প হয়ে উঠতে পারে।
ন্যাটোর প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্র প্রতিবছর শত শত বিলিয়ন ডলার ব্যয় করে উল্লেখ করে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে সহায়তা চাওয়া হলেও জোটের সদস্যরা তা প্রত্যাখ্যান করেছে।
সহযোগিতার বিষয়ে ন্যাটোর মিত্রদের এমন অবস্থান যুক্তরাষ্ট্র কখনো ভুলে যাবে না বলেও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র: মিডল ইস্ট আই