Home আজকের মিল্লাত রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

A+A-
Reset

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সৌদি আরবে একাধিক হামলায় তিনজন নিহত হওয়ার কথা হুথিরা স্বীকার করে। একই সময়ে রিয়াদ-সমর্থিত ইয়েমেন সরকার হুথিদের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযান চালানোর ঘোষণা দেয়। এর একদিন পরই নতুন করে রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করা হলো।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দাবি করেন, তাদের সশস্ত্র বাহিনী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে সফলভাবে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাশাপাশি বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটিয়েছে বলেও দাবি করেন তিনি।

চলতি সপ্তাহে রিয়াদের এই বিমানবন্দরে হামলা চালানোর দাবি নিয়ে এটি তৃতীয়বার। তবে হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এদিকে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা ব্যবহার করে ফ্লাইট পরিচালনা না করার জন্য আবারও সতর্ক করেছেন। তিনি এটিকে তাদের ‘শেষবারের মতো’ সতর্কবার্তা বলে উল্লেখ করেন।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা