Home আজকের মিল্লাত গাজীপুরে বিকাশের ৩ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধসহ আহত ৪

গাজীপুরে বিকাশের ৩ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধসহ আহত ৪

A+A-
Reset

ফারুক আহমদ, (স্টাফ রিপোর্টার): 

গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের মুখে বিকাশের টাকা বহনকারী একটি প্রাইভেটকারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া ও চাইনিজ কুড়াল দিয়ে হামলা চালিয়ে চালকসহ চারজনকে আহত করে প্রায় ৩ কোটি টাকা ছিনিয়ে নিয়ে গেছে তারা।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় গুলিবিদ্ধ হয়েছেন বিকাশের এরিয়া হিসাব বিভাগের ব্যবস্থাপক হিমেল আহমেদ (৩৫)। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা ফাহাদ হোসেন (৩৫), রিফাত (৩০) ও গাড়িচালক লাল মিয়া (৩২)। তাঁরা সবাই বিকাশের মাওনা ও ভালুকা অঞ্চলের চ্যানেল এন্টারপ্রাইজের কর্মী।

ভুক্তভোগী কর্মকর্তা ফাহাদ হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে নরসিংদী সদরের প্রধান ডিস্ট্রিবিউশন শাখা থেকে চারটি বস্তায় মোট ৪ কোটি টাকা নিয়ে তাঁরা মাওনার উদ্দেশে রওনা হন। পথে কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা প্রায় ২০ থেকে ২৪ জনের একটি সশস্ত্র দল তাঁদের গাড়ির পথরোধ করে।

হামলাকারীরা প্রথমে গাড়ির সামনের কাচ ভেঙে জ্যেষ্ঠ কর্মকর্তা হিমেল আহমেদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর চালক ও অন্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গাড়ির পেছনের আসনে থাকা চারটি বস্তার মধ্যে তিনটি ছিনিয়ে নেয় তারা।

মাত্র দুই মিনিটের মধ্যে হামলা ও ছিনতাই শেষ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় কর্মকর্তা ফাহাদ নিজেই গাড়ি চালিয়ে সহকর্মীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আহতদের হাসপাতালে আনা হয়। হিমেল আহমেদের পেটে গভীর গুলির ক্ষত থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি বলেন, নরসিংদী থেকে টাকা নিয়ে আসার পথে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে ছিনতাই হওয়া অর্থের সঠিক পরিমাণ যাচাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং লুণ্ঠিত অর্থ উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা