Home আজকের মিল্লাত ঢাকাসহ ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বাড়তে পারে বৃষ্টি

ঢাকাসহ ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বাড়তে পারে বৃষ্টি

A+A-
Reset

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম পুরোপুরি কাটেনি। তবে আজ শনিবার (২৯ আগস্ট) দেশের আট বিভাগেই বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঢাকাসহ ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর ১টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময়ে দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে, ৫১ মিলিমিটার।

বৃষ্টি হলেও দেশের উত্তরাঞ্চলের বেশির ভাগ জেলায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারীর ডিমলায়, ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

এদিকে ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুর ১টা পর্যন্ত অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৯ মিনিটে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা