Home আজকের মিল্লাত বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী

A+A-
Reset

বাংলাদেশকে একটি শক্তিশালী ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সংলাপ ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের কার্ডের সমন্বয়ে প্রত্যেক নাগরিককে একটি ইউনিভার্সেল কার্ড দিতে চায়। একই সঙ্গে শিশুদের আনন্দের সঙ্গে শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষা যেন শুধু সার্টিফিকেট অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে লক্ষ্যেও কাজ করা হচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম, মিড-ডে মিলসহ প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি তরুণদের দক্ষ ও যোগ্য করে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে।

তারেক রহমান বলেন, সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বাকস্বাধীনতা প্রতিষ্ঠায়ও কাজ করছে।

এ সময় সংলাপ, অংশীদারত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের ভৌগোলিক ও কৌশলগত অবস্থান কাজে লাগিয়ে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও আঞ্চলিক যোগাযোগে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

ভূরাজনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, অর্থনীতি, জলবায়ু, মানবনিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনসহ সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় নিয়ে এবারের ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ অনুষ্ঠিত হচ্ছে। সিজিএস আয়োজিত এ সম্মেলনে শতাধিক দেশের প্রায় ২০০ বক্তা, ৩০০ প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন।

সম্মেলনের উদ্বোধনী আয়োজনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক, সাংবাদিক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

 

 

 

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা