জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী দিনে সভাপতি ড. খলিলুর রহমান বলেছেন, মানুষকে ব্যবস্থাপনার সমস্যা হিসেবে নয়, বরং সমাধান তৈরির শক্তি হিসেবে দেখতে হবে।
‘সামাজিক ব্যবসা, যুবসমাজ ও প্রযুক্তি’ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি বলেন, সংকট মোকাবিলায় শুধু তাৎক্ষণিক পদক্ষেপের মধ্যে সীমাবদ্ধ না থেকে ব্যবস্থাগত পরিবর্তনের দিকে এগিয়ে যেতে হবে। যুবসমাজের অংশগ্রহণকে শুধু অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ না রেখে যুব নেতৃত্বে রূপ দিতে হবে।
তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) ত্বরান্বিতকারী শক্তি হিসেবে কাজে লাগাতে হবে।
ড. খলিলুর রহমান বলেন, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য হাতে আর মাত্র চার বছর রয়েছে। এই সময়ের মধ্যে মানুষকে প্রয়োজনীয় প্রযুক্তি, দক্ষতা ও সুযোগ দিয়ে সক্ষম করে তুলতে হবে, যাতে তারা নিজেরাই কার্যকর ও টেকসই সমাধান তৈরি করতে পারে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন সংকট মোকাবিলায় মানুষের সক্ষমতাকে কাজে লাগানোর পাশাপাশি প্রযুক্তি ও যুব নেতৃত্বকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। তাহলেই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আরও কার্যকর অগ্রগতি সম্ভব হবে।