ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ, হামাস, হুথি ও ইরাকের ইরানপন্থি মিলিশিয়াদের সমন্বয়ে একযোগে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে তেহরান। শনিবার (৫ সেপ্টেম্বর) জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৭ অক্টোবরের হামলায় যে ধরনের সমন্বয়ের ঘাটতি ছিল, তা দূর করতেই এবার নতুন এই কৌশল নিয়েছে ইরান। ওই সময় হামাস এককভাবে আক্রমণ শুরু করায় ইরান ও হিজবুল্লাহ একই সময়ে অন্য ফ্রন্টগুলো সক্রিয় করতে পারেনি।
আরব গণমাধ্যমের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানায়, তেহরান এবার শুরু থেকেই সবকটি ফ্রন্ট একসঙ্গে সক্রিয় করার পরিকল্পনা করছে। এ লক্ষ্যে ইরানের কুদস ফোর্সের শীর্ষ কর্মকর্তারা হিজবুল্লাহ, হুথি ও ইরাকের বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর কমান্ডারদের সঙ্গে আলোচনা করছেন।
গত জুলাইয়ে হামাসের প্রধান হিসেবে নির্বাচিত খলিল আল-হায়ার সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্কও এই সমন্বয়কে আরও জোরদার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনী উত্তর ও দক্ষিণ—দুই দিক থেকে একযোগে চাপ বাড়ানোর লক্ষ্যে হামাস ও হিজবুল্লাহর মধ্যে পুনরায় সমন্বয় গড়ে ওঠার বিষয়টি শনাক্ত করেছে বলে দাবি করা হয়েছে।
সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন এবং হিজবুল্লাহর সামরিক সক্ষমতায় বড় ধরনের ক্ষয়ক্ষতির পর ইরানপন্থি এই জোটে ইয়েমেন ও ইরাকের মিলিশিয়াদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর পাশাপাশি যৌথ সামরিক মহড়াও জোরদার করা হয়েছে।
সূত্র: জেরুজালেম পোস্ট