Home আজকের মিল্লাত দুর্গাপূজার দিকে বাঁকা চোখে তাকালে, সেই চোখ বাঁকাই থাকবে: চিফ হুইপ

দুর্গাপূজার দিকে বাঁকা চোখে তাকালে, সেই চোখ বাঁকাই থাকবে: চিফ হুইপ

A+A-
Reset

দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, ‘দুর্গাপূজার দিকে কেউ বাঁকা চোখে তাকালে, সেই চোখ আর সোজা করা যাবে না, সেটা বাঁকাই থাকবে।’

রোববার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলায় উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, গত দুই বছরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ঘটনা ঘটেনি। বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই এ দেশের নাগরিক এবং সবার অধিকার সমান। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অসহিষ্ণুতা বা সাম্প্রদায়িক আচরণ গ্রহণযোগ্য হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব তুলে ধরে নুরুল ইসলাম মনি বলেন, ফেসবুকে ক্ষতিকর কনটেন্টের কারণে শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।

এ সময় বিদ্যুৎ উৎপাদন ও বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রসঙ্গেও কথা বলেন বরগুনা-২ আসনের এই সংসদ সদস্য। তিনি মন্তব্য করেন, আগামী বছর দেশে উৎপাদিত বিদ্যুৎ বিক্রির পর্যাপ্ত ক্ষেত্র থাকবে না।

বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও বিদ্যুৎ বিল প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘হাসিনার বিদ্যুৎ প্লান্ট আছে, কিন্তু ভেতরে মেশিন নাই। হাসিনা টাকা খাওয়ার জন্য এসব বিদ্যুৎ প্লান্ট করেছে। তাই এখন বিল কমানোর কোনো রাস্তা সরকারের কাছে নাই।’

সভা শেষে বেতাগী উপজেলার অসহায় ও দুস্থ ৩৭টি পরিবারের মধ্যে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা বিতরণ করেন চিফ হুইপ। এ ছাড়া উপজেলার সব পূজামণ্ডপে নগদ অর্থ ও জিআর চাল বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা