নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বিশেষ এই বাস সার্ভিস নারী চালক ও নারী কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত হবে। মঙ্গলবার বিকেল থেকেই যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলাচল শুরু হবে। তবে বুধবার (১৯ আগস্ট) থেকে নির্ধারিত রুটে পুরোদমে যাত্রীসেবা চালুর কথা রয়েছে।
প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে ১০টি বাস দিয়ে এ সেবা শুরু করা হচ্ছে। এর মধ্যে ঢাকায় ১০টি, বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাস চলাচল করবে। সব মিলিয়ে তিন শহরে ১৪টি বাস ‘পিংক বাস’ সার্ভিসের আওতায় থাকবে।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণপরিবহন সুবিধা নিশ্চিত করাই এ বিশেষ সেবার মূল লক্ষ্য। নারী চালক ও নারী কন্ডাক্টরের মাধ্যমে বাস পরিচালনার ফলে যাত্রীদের জন্য আরও নিরাপদ পরিবেশ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনা করে ভবিষ্যতে ‘পিংক বাস’ সার্ভিসের আওতায় বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।