গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৬৫৮ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। এ ছাড়া আগের হামলায় গুরুতর আহত দুই ব্যক্তি মারা গেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনুসের উত্তর-পশ্চিমাঞ্চলে মোটরসাইকেলে করে যাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় ইসমাইল ইব্রাহিম কানদিল নামে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৬৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ১ লাখ ৭৪ হাজার ৬২২ জন।
এদিকে গাজা উপত্যকার পাশাপাশি অবরুদ্ধ পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর হামলা ও অভিযান অব্যাহত রয়েছে। গাজা শহরের উপকূলে ফিলিস্তিনিদের মাছ ধরার নৌকায় ইসরায়েলি নৌবাহিনীর গুলিবর্ষণে দুই জেলে আহত হয়েছেন।
পশ্চিম তীরের রামাল্লাহ, তুলকারম, নিলিন ও নাবলুসে অভিযান চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।
অন্যদিকে, নাবলুসের দক্ষিণাঞ্চলে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা একটি কৃষি শেডে হামলা চালিয়েছে। এ সময় তারা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি দুই ফিলিস্তিনিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া জর্ডান উপত্যকার আল-হাদিদিয়া এলাকায় বসতি স্থাপনকারীরা জমিতে বেড়া দিয়ে ফিলিস্তিনিদের কৃষিজমিতে প্রবেশের সুযোগ সীমিত করতে শুরু করেছে।
সূত্র: মিডল ইস্ট আই