যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সৃষ্ট বিশৃঙ্খলা ও সংকটের দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করছে ওয়াশিংটন—এমন অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।
রোববার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
ইসমাইল বাঘেই বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর আগে হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত ছিল।
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও নৃশংস যুদ্ধের’ কারণে আন্তর্জাতিক বাণিজ্যিক নৌ চলাচল ব্যাহত হয়েছে। একই সঙ্গে জ্বালানিবাহী ট্যাংকারের চলাচলও বাধাগ্রস্ত হয়েছে এবং বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুত বেড়েছে।
ইরানের এই মুখপাত্র আরও বলেন, সংঘাতটি যুক্তরাষ্ট্রই তৈরি করেছে। এখন নিজেদের তৈরি করা বৈশ্বিক সংকটের দায় ইরানের ওপর চাপিয়ে দিয়ে পুরো বিশ্বকে এর মূল্য দিতে বাধ্য করার চেষ্টা করছে ওয়াশিংটন।
তিনি আরও দাবি করেন, যুদ্ধ ও এর ফলে সৃষ্ট অস্থিতিশীলতার প্রকৃত কারণ আড়াল করতেই যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করার চেষ্টা করছে।
সূত্র: মিডল ইস্ট আই