Home আজকের মিল্লাত কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশি নিহত, গ্রেপ্তার মূল মালিক

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশি নিহত, গ্রেপ্তার মূল মালিক

A+A-
Reset

 

কলকাতার ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় হোটেলটির মূল মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

শনিবার (২২ আগস্ট) বেহালার ডায়মন্ড হারবার রোড এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত মঙ্গলবার মধ্যরাতে পাঁচতলা ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৯ জন নিহত হন। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি ও দুজন ভারতীয় নাগরিক।

অগ্নিকাণ্ডের পর হোটেলটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা ও বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। তদন্তে ভবনটিতে নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থাও না থাকার তথ্য পেয়েছে পুলিশ।

পুলিশ জানায়, জনবহুল এলাকায় অবস্থিত পাঁচতলা ভবনটিতে জরুরি নির্গমনের জন্য ছিল মাত্র একটি লোহার সিঁড়ি ও একটি লিফট। ফলে আগুন লাগার পর ভবন থেকে বের হতে গিয়ে বিপাকে পড়েন হোটেলে অবস্থানরত অতিথিরা।

তদন্তে আরও জানা গেছে, ভবনটির তৃতীয় ও পঞ্চম তলায় থাকা ‘শিখা ইন’ হোটেলটি দুই ভাগে ভাগ করে আলাদা ব্যক্তির কাছে লিজ দিয়েছিলেন মালিক বীরেশ্বর মিত্র। এর একটি অংশ আবু জাফর এবং অন্য অংশ উমেশ ও জিতেন্দ্র সিংয়ের কাছে লিজ দেওয়া হয়েছিল।

এ ঘটনায় এর আগে লিজগ্রহীতা আবু জাফরকে গ্রেপ্তার করা হয়। অপর দুই লিজগ্রহীতা উমেশ ও জিতেন্দ্র সিংকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

অবহেলাজনিত মৃত্যু ও নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার বীরেশ্বর মিত্রকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা