বিএনপির নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আজ রোববার (২৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
এর আগে গত ৯ আগস্ট ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার তদন্তে ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে প্রসিকিউশন। বর্তমানে মামলাটির তদন্ত চলমান রয়েছে।
গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে রোববার সকালে সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। তাকে হাজির করার পর প্রসিকিউশনের পক্ষ থেকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে।
এর আগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুমের মামলায় তার সাবেক দেহরক্ষী ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের সাক্ষ্যে ইলিয়াস আলী গুমের বিষয়টি উঠে আসে।
ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে ইমরুল কায়েস জানান, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার আগে মহাখালী এলাকায় একটি অভিযানে জিয়াউল আহসানের সঙ্গে সাইফুর রহমানও ছিলেন।
২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। তার সঙ্গে গাড়িচালক আনসার আলীও নিখোঁজ হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
ইলিয়াস আলী সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার নিখোঁজের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।