Home আজকের মিল্লাত উরুগুয়েতে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, দেশজুড়ে জরুরি অবস্থা

উরুগুয়েতে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, দেশজুড়ে জরুরি অবস্থা

A+A-
Reset

গৃহপালিত পাখির মধ্যে ক্ষতিকর এইচ৫ বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর উরুগুয়েতে দেশজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোলোনিয়া বিভাগে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পশুসম্পদ, কৃষি ও মৎস্য মন্ত্রণালয়ের অধীন মহাপরিচালকের কার্যালয়।

কর্তৃপক্ষ জানায়, আক্রান্ত পাখির নমুনায় প্রাথমিক র‌্যাপিড টেস্টের ফল নেতিবাচক এসেছিল। পরে সরকারি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হলে এইচ৫ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়।

সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে আক্রান্ত খামারসহ অনিবন্ধিত ও গৃহপালিত পাখির চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একই সঙ্গে পাখি নিয়ে মেলা, নিলাম ও জনসমক্ষে প্রদর্শনীর ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া গৃহপালিত ও মুক্তভাবে বিচরণকারী পাখিদের বুনো পাখির সংস্পর্শ থেকে দূরে রাখতে ঢাকনাযুক্ত বা বন্ধ স্থানে রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আক্রান্ত খামারের পাখিগুলো নিধনের পাশাপাশি পুরো খামার জীবাণুমুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। পোল্ট্রি খামারিদের জৈবনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করারও পরামর্শ দেওয়া হয়েছে।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, যথাযথভাবে রান্না করা পোল্ট্রি মাংস ও ডিম খাওয়ার ক্ষেত্রে মানুষের জন্য ঝুঁকি নেই। মানুষের মধ্যে এইচ৫ ভাইরাস সংক্রমণের ঝুঁকি তুলনামূলকভাবে কম হলেও বুনো বা অসুস্থ পাখি ধরতে নিষেধ করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা