Home আজকের মিল্লাত চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু

চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু

A+A-
Reset

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লং মার্চ শুরু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের আয়োজন করে ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রামের উদ্দেশে লং মার্চের বহর রওনা হয়।

সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। এ সময় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।

সমাবেশে নেতারা চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবি জানান। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণ এবং জ্বালানি ও কৃষি খাতে সংকট নিরসনের আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের নেতাদের নেতৃত্বে লং মার্চের বহর চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে।

লং মার্চের নির্ধারিত রুটে কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা হবে। পরে চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা