Home আজকের মিল্লাত ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফেরাতে সম্মতি মিয়ানমারের, তবে শর্ত নিরাপত্তা

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফেরাতে সম্মতি মিয়ানমারের, তবে শর্ত নিরাপত্তা

A+A-
Reset

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৭ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যাচাই-বাছাই শেষে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন বাস্তুচ্যুত রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের বাসিন্দা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের প্রত্যাবাসন কার্যকর করা হবে না।

এর আগে কয়েক দফা রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত না হওয়ায় প্রত্যাবাসনে আগ্রহ দেখায়নি রোহিঙ্গারা।

এর সঙ্গে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির চলমান সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রাখাইনের বিভিন্ন এলাকায় সংঘাত অব্যাহত থাকায় সেখানে রোহিঙ্গাদের নিরাপদে ফেরত পাঠানো নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে ব্যাপক সহিংসতা ও নির্যাতনের পর বাংলাদেশে রোহিঙ্গাদের বড় ঢল নামে। এরপর থেকে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বাংলাদেশ শুরু থেকেই নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দিয়ে আসছে। অন্যদিকে রোহিঙ্গারা মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন।

মিয়ানমারের নতুন ঘোষণায় বিপুলসংখ্যক রোহিঙ্গাকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হলেও, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং বাস্তবে প্রত্যাবাসন শুরু হওয়াই এখন বড় চ্যালেঞ্জ।

সূত্র: আনাদোলু এজেন্সি

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা