Home রাজনীতি খালেদা জিয়ার কারণেই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল

খালেদা জিয়ার কারণেই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল

A+A-
Reset

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়ার কারণেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল। আপস না করার কারণেই তাকে দীর্ঘদিন কারাবরণ ও নানা নির্যাতনের শিকার হতে হয়েছে। গোটা জাতির কাছে তিনি ছিলেন আলোর দিশারি।

শুক্রবার রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, খালেদা জিয়ার জীবনসংগ্রাম ছিল বিস্তৃত ও বৈপ্লবিক। তার রাজনৈতিক ও কর্মজীবনের ক্যানভাস এতটাই বড় যে যারা তা জানবেন বা পড়বেন, তারা মুগ্ধ না হয়ে পারবেন না। এ ধরনের আলোকচিত্র প্রদর্শনী নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং তরুণ সমাজের কাছে খালেদা জিয়ার আদর্শ ও নেতৃত্বের পরিচয় তুলে ধরতে সহায়ক হবে।

তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুর পর যে শূন্যতা তৈরি হয়েছে, তা শুধু একটি রাজনৈতিক দলের নয়, গোটা জাতির। তিনি দেশ ও জনগণকে আগলে রেখেছিলেন। তাঁর নেতৃত্ব ছাড়া বাংলাদেশকে দুর্বল করার নানা ষড়যন্ত্র সহজ হয়ে যেত বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী আরও বলেন, সরকারি ঘনিষ্ঠ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় নতজানু আওয়ামী সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্রের মতো প্রকল্প অনুমোদন দিয়েছে। ভারতের ঝাড়খণ্ডে যে বিদ্যুৎ প্রকল্প ভারত সরকারের পরিকল্পনা কমিশন বাতিল করেছিল, সেটিই ফ্যাসিবাদের সময় বাংলাদেশে বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু এ ধরনের দেশবিরোধী কোনো চুক্তি বা প্রকল্প খালেদা জিয়াকে দিয়ে কখনো করানো সম্ভব হয়নি বলেই তাকে কারাগারে পাঠানো হয় এবং চিকিৎসা থেকে বঞ্চিত রেখে তিলে তিলে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে যে কয়লা ও গ্যাসসম্পদ রয়েছে, সেগুলো দখলে নিতে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া সব সময় আপসহীন ছিলেন।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা