রুম্মান মাহমুদ শৈশব, বাগেরহাট: নামের মিলের কারণে ভারতের দিল্লিতে হত্যা মামলায় দণ্ডিত বাংলাদেশি নাগরিক বাদল ফরাজী দীর্ঘ ১৮ বছর পর নিজ বাড়িতে ফিরেছেন। তবে স্থায়ী মুক্তি নয়, চার সপ্তাহের প্যারোলে পরিবারের কাছে ফেরার সুযোগ পেয়েছেন তিনি। অসুস্থ মায়ের সঙ্গে বাকি জীবন কাটানোর সুযোগ করে দিতে বাদলের স্থায়ী মুক্তি দাবি করেছেন স্বজনেরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কঠোর পুলিশি নিরাপত্তায় বাগেরহাট জেলা কারাগার থেকে তাঁকে মোংলা পৌরসভার কুমারখালী গ্রামের বাড়িতে নেওয়া হয়। দীর্ঘদিন পর ছেলেকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা শেফালী বেগমসহ পরিবারের সদস্যরা। তবে চার সপ্তাহ পর আবারও ছেলেকে কারাগারে ফিরে যেতে হবে-এই শঙ্কায় আনন্দের পাশাপাশি স্বজনদের মধ্যে বিরাজ করছে গভীর উদ্বেগ।
এর আগে মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বাদল ফরাজীকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। পরে দুপুর ২টা ১৫ মিনিটে প্রিজন ভ্যানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে বাগেরহাট জেলা কারাগারে নেওয়া হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সন্ধ্যায় তাঁকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
ছেলেকে কাছে পেয়ে আবেগাপ্লুত মা শেফালী বেগম বলেন, ‘আমি আমার ছেলের স্থায়ী মুক্তি চাই। আমার ছেলে যেন সারা জীবন আমার সঙ্গে থাকতে পারে, সরকারের কাছে এটাই আমার আবেদন। এক মাসের জন্য প্যারোলে পেয়েছি, কিন্তু আমি চাই স্থায়ীভাবে তাকে আমার কোলে ফিরে পেতে। ওর বাবা মারা গেছেন। আমিও মৃত্যুর সঙ্গে লড়াই করছি। কখন মারা যাই, জানি না। ছেলেকে একবার দেখে মরতে চাই।’
বাদলের বড় বোন আকলিমা বেগম বলেন, এত বছর পর ভাইয়ের ফিরে আসাটা এক মাসের প্যারোলে সীমাবদ্ধ থাকুক, তা তাঁরা কখনো চাননি। তাঁরা চেয়েছিলেন, ভাই স্থায়ীভাবে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরে আসুক। তবে মায়ের অসুস্থতার কারণে বাধ্য হয়ে প্যারোলের আবেদন করেছেন।
তিনি বলেন, ‘বাবা ছেলেকে না দেখেই মারা গেছেন। এখন মা যদি ছেলেকে না দেখে চলে যান, তাহলে সেই কষ্ট রাখার জায়গা থাকবে না। তাই বাধ্য হয়েই এক মাসের প্যারোলে রাজি হয়েছি।’
বাদলের নির্দোষ দাবি করে আকলিমা আরও বলেন, নামের মিলের কারণে তাঁর ভাই একটি হত্যা মামলায় জড়িয়ে পড়েছেন। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ থাকার পরও তিনি মুক্তি পাননি। বন্দী স্থানান্তর চুক্তির আওতায় দেশে ফেরার সময় বাদলের আশা ছিল, নিজের দেশে ফিরে ন্যায়বিচার পাবেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। সরকারের কাছে তাঁর ভাইয়ের স্থায়ী মুক্তির দাবি জানান তিনি।
বাদলের শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠান মোংলা সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তালুকদার মো. জিয়াদ হোসেন বলেন, বাদল ওই প্রতিষ্ঠানের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশ নিতেন। তাঁর জানা মতে, বাদল ভদ্র ও ভালো স্বভাবের ছেলে ছিলেন। কখনো তাঁর মধ্যে খারাপ আচরণ বা অসামাজিক কর্মকাণ্ড দেখেননি।
তিনি বলেন, তাজমহল দেখতে গিয়ে ভারতে এমন একটি ঘটনায় জড়িয়ে পড়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। বাদল যেন ন্যায়বিচার পান এবং অসুস্থ মায়ের কাছে ফিরে যেতে পারেন, সেটিই তাঁর প্রত্যাশা।
এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, বাংলাদেশ-ভারত বন্দী স্থানান্তর চুক্তির আওতায় কাশিমপুর কারাগারে আটক বাগেরহাটের দুই বন্দি সাহেদুল আফজাল ও বাদল ফরাজীকে গাজীপুরের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট চার সপ্তাহের প্যারোলে মুক্তি দিয়েছেন। তাঁরা বাগেরহাটের বাসিন্দা হওয়ায় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়। প্যারোলের শর্ত অনুযায়ী তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরা প্যারোলের সব শর্ত মেনেই মুক্তির সময়টুকু অতিবাহিত করবেন।
প্রসঙ্গত, ২০০৮ সালে নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় জড়িয়ে পড়েন বাদল ফরাজী। ওই মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালে বাংলাদেশ-ভারত বন্দী স্থানান্তর চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে বাংলাদেশের কারাগারে বন্দী রয়েছেন তিনি।
দীর্ঘ ১৮ বছর পর চার সপ্তাহের জন্য পরিবারের কাছে ফিরলেও বাদল ফরাজীর স্বজনদের চাওয়া, প্যারোলের সাময়িক মুক্তি নয়, স্থায়ী মুক্তির মধ্য দিয়ে মায়ের কোলে ফিরে আসুক তাঁদের প্রিয়জন।