আগামী ডিসেম্বরে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের মঙ্গলবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে বাংলাদেশের সরকারের কাছে একটি বিমান চেয়েছেন শেখ হাসিনা। এ তথ্য জানিয়েছেন তাঁর মুখপাত্র। তবে সরকারের একাধিক মন্ত্রী ও উপদেষ্টা এ দাবি প্রত্যাখ্যান করেছেন।
তবুও ডিসেম্বরকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের নাশকতা, অপতৎপরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য বহুমুখী নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
যশোরের বেনাপোল চেকপোস্টসহ আশপাশের সীমান্ত এলাকায় অতিরিক্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বৈধ পাসপোর্টধারী যাত্রীদের তথ্যও নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা, ড্রোন, অ্যান্টি-ড্রোন সিস্টেম ও সার্চলাইট। পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইকিং এবং স্থানীয় জনপ্রতিনিধি, চৌকিদার ও দফাদারদের সম্পৃক্ত করে রাতের পাহারা জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের ঘটনা না ঘটে, সে লক্ষ্যেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা কোনো সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণ ছাড়া অথবা কঠোর নজরদারি ও হাতকড়া পরানো ছাড়া তাঁকে দেশে ফিরতে দেওয়া হবে না। আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশের কোনো দূতাবাসে শেখ হাসিনা গেলে সেখানেই তাঁকে গ্রেপ্তার করা হবে।
ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, ঝটিকা মিছিল ও অস্থিতিশীলতা ঠেকাতে রাজধানীসহ সারা দেশে বহুমুখী নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। পাশাপাশি গোপালগঞ্জে আলাদাভাবে দুই ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার সরাসরি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির পুলিশ সদস্যদের কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও নাশকতাবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরসহ স্পর্শকাতর জেলাগুলোতে দায়িত্ব পালন করছে। পুলিশ ও বিজিবির সঙ্গে সমন্বয় করে যৌথ টহল পরিচালনার পাশাপাশি গুজব ও সহিংসতা প্রতিরোধেও কাজ করছে বাহিনীটি। গোপালগঞ্জসহ অস্থিরতাপ্রবণ এলাকাগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তবে এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানিয়েছেন, ডিসেম্বর ও জানুয়ারিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হলেও জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যৌথ বাহিনী সার্বক্ষণিক মাঠে রয়েছে।
এদিকে, ভারতে অবস্থানরত মামলার আসামি ও রাজনৈতিক নেতাকর্মীরা যাতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আখাউড়া, কুমিল্লা ও ফেনীর বিলোনিয়া সীমান্ত পরিদর্শন করেছেন। এ সময় কোনো বিতর্কিত বা অভিযুক্ত ব্যক্তি যাতে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
রংপুর বিভাগের উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের প্রায় ১ হাজার ৬৬৯ কিলোমিটার সীমান্তজুড়ে টহল জোরদার করা হয়েছে। একইভাবে ফেনীর বিলোনিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে তিন স্তরের টহলব্যবস্থা চালু করা হয়েছে। এর বাইরে দেশের নয়টি জেলায় ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।