নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত ও হয়রানি বন্ধে প্রাতিষ্ঠানিক সুরক্ষাব্যবস্থা জোরদার করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে একটি স্বাধীন অভিযোগ কমিটি গঠন করেছে বোর্ড। পাশাপাশি নারী ক্রিকেটারদের মাতৃত্বকালীন ছুটি, বেতন এবং সন্তান জন্মের পর আবারও মাঠে ফেরার বিষয়ে পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
গত বছর নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম যৌন হয়রানির অভিযোগ তোলার পর নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বিসিবির ভূমিকা প্রশ্নের মুখে পড়ে। সেই প্রেক্ষাপটে নারী ক্রিকেটে হয়রানি বন্ধ ও ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বোর্ড।
রোববার (২২ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা একটি অভিযোগ কমিটি গঠন করেছি এবং কমিটির সদস্যদের নাম উল্লেখ করে সেটি বোর্ডে অনুমোদন করিয়ে নিয়েছি। এখন কোনো নারী যেকোনো ধরনের হয়রানির শিকার হলে কোথায় যোগাযোগ করবেন, সেটি জানতে পারবেন।’
কমিটিতে বিসিবির কোনো সদস্যকে রাখা হয়নি জানিয়ে তামিম ইকবাল বলেন, ‘জাহানারার ঘটনাটি যখন সামনে এসেছিল এবং এ বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছিল, তখন আমি কয়েকজনের মধ্যে একজন ছিলাম, যিনি বলেছিলেন, বিসিবির উচিত এমন একটি স্বাধীন কমিটি গঠন করা, যার সঙ্গে বিসিবির কোনো ধরনের সম্পৃক্ততা থাকবে না। মেয়েদের ক্রিকেটে পাঠানোর সময় পরিবারকে নিশ্চিত করতে হবে, তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়।’
নারী ক্রিকেটারদের মাতৃত্বকালীন সুবিধা প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘নারী ক্রিকেটাররা যখন গর্ভবতী হবেন, তখন তাদের মাতৃত্বকালীন ছুটি এবং পরবর্তী সময়ে আবার খেলায় ফেরার বিষয়টি কীভাবে পরিচালিত হবে, সে ব্যাপারে আমরা ইতিমধ্যে একটি নীতিমালা তৈরি করেছি। বিষয়টি গত ২৮ তারিখে বোর্ডে অনুমোদিত হয়েছে।’
এ উদ্যোগের মাধ্যমে নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি মাতৃত্বকালীন সময়ে তাদের অধিকার ও পেশাগত ভবিষ্যৎ সুরক্ষিত রাখার লক্ষ্য নিয়েছে বিসিবি।