দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ৭ শিশুসহ নিহত ২৪

দক্ষিণ সুদানে বিরোধী বাহিনীর সশস্ত্র হামলায় সাত শিশুসহ অন্তত ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ হামলা চালানো হয়। সোমবার (২৩ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

ওয়ারাপ রাজ্যের টনজ ইস্ট কাউন্টির ভারপ্রাপ্ত কমিশনার মাচুয়েই বিথ এএফপিকে জানান, শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে বোল বোল বোমা নামক এলাকায় হামলাটি চালানো হয়। হামলাকারীরা প্রতিবেশী ইউনিটি রাজ্য থেকে এসেছিল। তারা সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের অনুগত এসপিএলএ-আইও বাহিনীর সদস্য বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, রিক মাচার ২০২৫ সালের মার্চ থেকে গৃহবন্দি রয়েছেন।

রোববার সন্ধ্যায় বিথ জানান, হামলায় পশুপালকসহ ২৪ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এর আগে নিহতের সংখ্যা ১৫ বলে জানানো হয়েছিল। নতুন হিসাব অনুযায়ী, নিহতদের মধ্যে সাতজন শিশু ও ছয়জন নারী রয়েছেন। এর আগে তিনি জানিয়েছিলেন, হামলার ঘটনায় এসপিএলএ-আইওর পোশাক পরিহিত চারজন সশস্ত্র হামলাকারীও নিহত হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এএফপিকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় তদন্ত ও পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে একটি দল পাঠানো হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ওয়ারাপ রাজ্যের দুটি জেলার দুই গোষ্ঠীর মধ্যে মাকুয়াচ শহরের একটি বাজারে সংঘর্ষে ১৭ জন নিহত এবং ২৩ জন আহত হন। এ ছাড়া গত মাসে ওয়ারাপ ও ইউনিটি রাজ্যের সীমান্তে আন্তঃসাম্প্রদায়িক সহিংসতায় অন্তত ৭২ জন নিহত হয়েছিলেন।

আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতার কারণে অঞ্চলটি দীর্ঘদিন ধরে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড, গবাদিপশু লুট এবং এলাকা দখলকে কেন্দ্র করে সংঘাতের মধ্যে রয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে স্বাধীনতা লাভ করা দক্ষিণ সুদান বিশ্বের নবীনতম রাষ্ট্র। দেশটি দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠীগুলোর সহিংসতায় জর্জরিত। এসব সংঘাতের পেছনে প্রায়ই জাতিগত বিরোধ ও গবাদিপশু চুরির মতো ঘটনা জড়িত থাকে।

২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট সালভা কির ও রিক মাচারের অনুগত বাহিনীর মধ্যে গৃহযুদ্ধে চার লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। সাম্প্রতিক মাসগুলোতে দুই নেতার অনুগত বাহিনীর মধ্যে সংঘর্ষ আবারও তীব্র হয়েছে। এতে দেশটির বিভিন্ন অঞ্চলে মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।

সূত্র: আরব নিউজ

Related posts

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি