দীর্ঘদিনের বন্ধু ও ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের মা ইমেলদা মার্কোসের সঙ্গে আবারও সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক দশক আগে নিউইয়র্কের এক পার্টিতে ফিলিপাইনের তৎকালীন ফার্স্ট দম্পতির সঙ্গে ট্রাম্পের পরিচয় ও বন্ধুত্ব গড়ে উঠেছিল।
বুধবার (১৮ নভেম্বর) ম্যানিলার মালাকানাং প্রেসিডেন্সিয়াল প্যালেসে তাঁদের মধ্যে সংক্ষিপ্ত এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ট্রাম্পকে লালগালিচা সংবর্ধনা ও পূর্ণ সামরিক সম্মান দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এশীয় নেতাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার আগে ট্রাম্প ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ও তাঁর বাবা-মায়ের প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমি নিজের বয়স বলতে চাই না, তবে আপনার বাবা-মাকে আমি খুব ভালো করে চিনতাম। মার্কোস জুনিয়রের ভালো জিন আছে।’
৯৭ বছর বয়সী ইমেলদা মার্কোস বিলাসবহুল জীবনযাপন ও দামি জুতার বিশাল সংগ্রহের জন্য পরিচিত। তাঁর স্বামী ফার্দিনান্দ মার্কোস দুই দশকের বেশি সময় ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন। তাঁর শাসনামলে দেশটির বহু মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাস করতেন।
১৯৮৬ সালের পিপল পাওয়ার বিপ্লবে ফার্দিনান্দ মার্কোস ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমেলদাও আত্মসাৎ, দুর্নীতি ও কর ফাঁকির একাধিক অভিযোগের মুখে পড়েন।
প্রাসাদের ভেতরে বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের মানুষের মধ্যে অনেক মিল রয়েছে। এ সময় তিনি প্রাসাদের স্থাপত্য ও সাজসজ্জার প্রশংসা করেন। ট্রাম্প বলেন, ‘এখানে আপনি যা করেছেন, তা আমার ভালো লেগেছে। দারুণ কাজ করেছেন।’
অন্যদিকে, ম্যানিলায় ট্রাম্পের স্বল্প সময়ের অবস্থানকে স্মরণীয় করে রাখতে ফিলিপাইনের স্বাদ তুলে ধরার উদ্যোগ নেন মার্কোস। এ জন্য দেশটির সবচেয়ে বড় দেশীয় ফাস্টফুড চেইন জোলিবি থেকে খাবার পাঠানোর ব্যবস্থা করেন তিনি।
সূত্র: আলজাজিরা