জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়।

সংযোগের ২৯ মিনিট পর বিকেল ৩টা ৪৫ মিনিটে ইউনিটটি থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। পরে জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে বিদ্যুৎ সরবরাহ ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়। পরে সাংবাদিকদের মন্ত্রী জানান, পরীক্ষার ফল সন্তোষজনক হয়েছে। পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ প্রকল্প সংশ্লিষ্টরা জানান, জাতীয় গ্রিডের সঙ্গে জেনারেটর যুক্ত করার আগে দুই পাশের বিদ্যুতের ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সিসহ প্রয়োজনীয় বৈশিষ্ট্যের মধ্যে সামঞ্জস্য আনা হয়। গ্রিড সিনক্রোনাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে সংযোগ স্থাপনের পর ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে পরীক্ষা করা হয়, কেন্দ্রের যন্ত্রপাতি ও নিয়ন্ত্রণব্যবস্থা জাতীয় গ্রিডের সঙ্গে কতটা স্থিতিশীলভাবে কাজ করতে পারে।

মঙ্গলবারের এই সংযোগের মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হলো।

Related posts

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি