ইরানের চালানো বেশ কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করার দাবি করেছে বাহরাইন। বুধবার (১৮ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানায়। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে।
তবে এসব হামলায় কী ধরনের প্রজেক্টাইল ব্যবহার করা হয়েছে কিংবা কতটি হামলা প্রতিহত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী। হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে সম্পর্কেও কিছু উল্লেখ করা হয়নি।
এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুটি সতর্কবার্তা জারি করেছে। এতে নাগরিক ও দেশটিতে বসবাসরত ব্যক্তিদের শান্ত থাকার পাশাপাশি নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত একটি মার্কিন সামরিক রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তারা। মার্কিন সামরিক ড্রোনের বারবার ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের জবাবে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করে ইরানি বাহিনী।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে এর জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায় তেহরান। পরবর্তী সময়ে জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং আলোচনা শুরু হয়। তবে হরমুজ প্রণালিতে নিরাপদ ও অবাধ নৌচলাচল নিশ্চিত করার পদ্ধতি নিয়ে মতবিরোধের কারণে সেই আলোচনা স্থবির হয়ে পড়ে।
সূত্র: আনাদোলু এজেন্সি