মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিন বিমানবাহী রণতরি, বাড়ছে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের অন্য দুটি বিমানবাহী রণতরির সঙ্গে এক দিনের মধ্যে যোগ দেবে ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। এর ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরির সংখ্যা বেড়ে দাঁড়াবে তিনটিতে।

রোববার (১৫ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, নতুন এই রণতরি মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ার মধ্যেই এই সামরিক তৎপরতা বাড়ানো হচ্ছে। এর আগে রোববার তিন দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাহরাইনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। এতে প্রায় দুই মাস ধরে চলা সংঘাতের বিরতির অবসান ঘটে। এর আগে শুক্রবার উপসাগরীয় দেশটির দিকে ধেয়ে আসা দুটি ইরানি ড্রোন প্রতিহত করেছিল মার্কিন বাহিনী।

তবে বিমানবাহী রণতরি মোতায়েনের সময়সূচি নিয়ে পেন্টাগন কিংবা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান তদারককারী সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার মধ্য দিয়ে ইরানের সঙ্গে চলমান সংঘাত শুরু হয়। কূটনৈতিক অচলাবস্থার পাশাপাশি ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর মধ্যেই নতুন করে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে।

এদিকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনা থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে দিয়েছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আর কোনো চুক্তির প্রয়োজন নেই।

অন্যদিকে, বিমানবাহী রণতরি মোতায়েনের খবরের মধ্যেও ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে—ইসরায়েলি গণমাধ্যমের এমন একটি প্রতিবেদন অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী। আঞ্চলিক বাহিনীর অবস্থান পরিবর্তন নিয়ে প্রকাশিত দাবিগুলোকে ‘সম্পূর্ণ অনুমাননির্ভর’ বলে অভিহিত করেছে তারা।

সূত্র: আনাদোলু এজেন্সি

Related posts

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি