ডিসেম্বরকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাগুলোকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার ও প্রশাসন। পাশাপাশি রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলায় ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। দলটির মিত্র দল ও জোটগুলোও কর্মসূচি নিয়ে মাঠে নামছে।
এদিকে, সারা দেশে নাশকতায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে প্রশাসন।
সংরক্ষিত নারী আসনের সদস্যসহ বিএনপির দলীয় সংসদ সদস্যরাও নিজ নিজ এলাকায় অবস্থান করে নেতাকর্মীদের নিয়ে সতর্ক থাকবেন। গত ৯ নভেম্বর শুরু হওয়া সংসদের চতুর্থ অধিবেশন আগামী বুধবার শেষ হওয়ার কথা রয়েছে। অধিবেশন শেষে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
গত ৯ নভেম্বর অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় সংসদ সদস্যদের উদ্দেশে সংসদনেতা তারেক রহমান বলেন, ‘আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথে আমরা থাকব। রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার।’
দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘বিপ্লব ও সংহতি দিবসে আমরা ৭ নভেম্বর রাজপথে ছিলাম। সামনের দিনগুলোতেও আমরা রাজপথেই থাকব। রাজপথ থেকে আমাদের কেউ সরাতে পারবে না। আপনারাও রাজপথে থাকবেন, যেকোনো ধরনের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকবেন।’
মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির বিশাল র্যালিকে ‘বার্তা’ হিসেবে উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। ইত্তেফাককে তিনি বলেন, ‘যদিও প্রতি বছরই আমরা এ ধরনের র্যালি করে থাকি, তারপরও বলব, চলমান প্রেক্ষাপটে এ ধরনের বিশাল র্যালি অবশ্যই একটি বার্তা। বিএনপি রাজপথে ছিল, আছে, থাকবে। অতীতের মতো সামনের দিনগুলোতেও জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের নৈরাজ্য রুখে দেবে বিএনপি।’
জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা প্রতিরোধে ইতিমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল শুরু করেছে বিএনপি। যুবদল, ছাত্রদলসহ দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোও এসব কর্মসূচিতে অংশ নিচ্ছে।
‘সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের জ্বালাও-পোড়াও এবং ককটেল হামলার প্রতিবাদে’ গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ফ্যাসিবাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রতিরোধে জাতীয়তাবাদী শক্তি মাঠে থাকবে। সারা দেশে গণমানুষ পথে পথে, মোড়ে মোড়ে ব্যারিকেড তৈরি করবে।’
গতকাল বিকালে রাজধানীর ফার্মগেট থেকে কারওয়ান বাজার এলাকাতেও যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। বিএনপির নেতাকর্মীরা কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত এ ধরনের কর্মসূচি পালন করছেন। অন্যদিকে, নাশকতায় জড়িত কিংবা সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও।
নাশকতা ও অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে বিএনপির মিত্র দল ও জোটগুলোও কর্মসূচি নিয়ে মাঠে নামছে। ‘১২ দলীয় জোট’ আজ রোববার সকালে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে। অন্যদিকে, ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ আগামীকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে।
জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ গতকাল ইত্তেফাককে বলেন, ‘সন্ত্রাস, জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সামনের দিনগুলোতে বিএনপির সঙ্গে সমন্বয় করে ধারাবাহিক কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী সমমনা জোট।’
এদিকে, গত বুধবার সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর বাংলাদেশে ফিরতে পারবেন না। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চায় না। তবে প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। মানবাধিকারের প্রতি সরকারের শ্রদ্ধাশীলতার সুযোগ নিয়ে পতিত শক্তি অস্থিরতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে মানবাধিকারের সীমারেখার মধ্যেই এসব চক্রান্ত নস্যাৎ করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’—এ বক্তব্যের বাস্তবায়নে নাশকতায় জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারে দেশব্যাপী তৎপরতা বাড়িয়েছে পুলিশ।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির নাশকতার ঘটনাগুলো নিয়ে ইতিমধ্যে ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনার এবং রেঞ্জের উপমহাপরিদর্শকদের (ডিআইজি) সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। বৈঠকে অপরাধে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি।
বিশেষ করে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরসহ কয়েকটি জেলা এবং শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হন এবং গণগ্রেপ্তারের অভিযোগ না ওঠে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন আইজিপি।