শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এখন ভারত কী পদক্ষেপ নেবে, সেটি তাদের বিষয় বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। এখন তারা (ভারত) কী করবে, সেটা তাদের বিষয়।’

শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশে ফিরবেন উল্লেখ করে মো. আসাদুজ্জামান বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত আনার বিষয়টি সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া।

শেখ হাসিনাকে আইনি সুযোগ দেওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় যখন তাকে প্রত্যর্পণ করা হবে, সেটি একটি আইনি প্রক্রিয়া।’

আপিল করার সুযোগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আপিল বিভাগে এ ধরনের মামলায় আপিল করতে বিলম্ব মার্জনার (ডিলে কন্ডোন) কোনো আইনগত সুযোগ নেই। কারণ, বিশেষ আইনে বিলম্ব মার্জনার কোনো সুযোগ রাখা হয়নি।

তিনি বলেন, ‘তারাই সেই আইন করে গেছেন। আমাদের সংবিধানেও ১৯৭৩ সালে তার বাবা (শেখ মুজিবুর রহমান) যে সংশোধনী এনেছিলেন, ৪৭-এর ৩ অনুচ্ছেদে বলা আছে—মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না।’

এটি তাদেরই প্রণীত আইন বলে উল্লেখ করেন আইনমন্ত্রী।

Related posts

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি