বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ওঠেন তিনি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আগামী ১৯ নভেম্বর বিকেল পর্যন্ত বাংলাদেশে থাকার কথা রয়েছে তার।
বাংলাদেশে প্রায় তিন বছর মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পিটার হাস ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে স্বেচ্ছায় অবসর নেন। পরে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন। বর্তমানে প্রতিষ্ঠানটির কৌশলগত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমও দেখভাল করছেন তিনি।
এবারের ঢাকা সফরের উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সফরটি ব্যবসায়িক, নাকি অন্য কোনো কারণে—তা স্পষ্ট নয়।
রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্ব দিয়ে আসছিলেন পিটার হাস। এ লক্ষ্যে নির্বাচন কমিশন, সুশীল সমাজ, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক বৈঠক করেন তিনি।
পিটার হাসের এসব কূটনৈতিক তৎপরতা নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে একাধিকবার আপত্তি জানানো হয়। তার কর্মকাণ্ডকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ হিসেবেও আখ্যা দিয়েছিল সরকার। তবে বিএনপি ও জামায়াতসহ বিরোধী দলগুলোর কাছে তিনি তুলনামূলকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পিটার হাস মন্তব্য করেছিলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি।