রুম্মান মাহমুদ শৈশব, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় বিকাশের এক কর্মীর কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার সাইনবোর্ড বাজারের গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাচ্চু শেখ (৩৫) বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার বাসিন্দা। তিনি বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান ‘জাবেদ এন্টারপ্রাইজ’-এর ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) হিসেবে কর্মরত। বিভিন্ন দোকানে নগদ টাকা ও ই-মানি সরবরাহের দায়িত্ব পালন করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে সাইনবোর্ড বাজারে লেনদেন শেষে রাস্তা পার হওয়ার সময় দুটি মোটরসাইকেলে করে পাঁচজন দুর্বৃত্ত এসে বাচ্চু শেখের পথ আটকে দেয়। এ সময় তারা তাঁর টাকার ব্যাগ নেওয়ার চেষ্টা করে। বাচ্চু ব্যাগটি ধরে রেখে চিৎকার করলে দুর্বৃত্তরা চাপাতি ও দেশীয় অস্ত্র দেখিয়ে তাঁকে ভয় দেখায়। একপর্যায়ে তাঁকে আঘাত করার চেষ্টা করে। আশপাশের লোকজনকেও ভয় দেখায় তারা। ধস্তাধস্তির একপর্যায়ে বাচ্চু রাস্তায় পড়ে গেলে দুর্বৃত্তরা প্রায় ৫ লাখ টাকা ভর্তি ব্যাগটি নিয়ে বাঁধাল-পিরোজপুর সড়কের দিকে চলে যায়।
বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান জাবেদ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির বলেন, ‘আমাদের বিকাশের একজন কর্মকর্তার কাছ থেকে আনুমানিক পাঁচ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর আগেও বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ দিয়েছি।’
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, ‘বিকাশের একজন কর্মকর্তার কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।’
উল্লেখ্য, গত দুই মাসে চিতলমারীসহ বাগেরহাটের বিভিন্ন উপজেলায় এ ধরনের ১০টির বেশি ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এর মধ্যে গত ২৮ অক্টোবর বাগেরহাট সদর উপজেলার পুরাতন মাজার মোড় এলাকায় বাংলালিংকের এক বিক্রয় প্রতিনিধির কাছ থেকে এবং গত ৩ সেপ্টেম্বর সদর উপজেলার ভদ্রপাড়া এলাকায় আরেক বিকাশকর্মীর কাছ থেকে টাকা নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।