ট্রাম্পের জনসমর্থন ৩২ শতাংশ, মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন গত সপ্তাহের সর্বনিম্ন অবস্থান থেকে এক শতাংশ পয়েন্ট বেড়ে ৩২ শতাংশে দাঁড়িয়েছে। তবে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটদের তুলনায় পিছিয়ে রয়েছে তাঁর দল রিপাবলিকান পার্টি। মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত রয়টার্স/ইপসোসের সর্বশেষ জরিপে এ চিত্র উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকবে কি না, তা নির্ধারিত হবে। এ নির্বাচনের ফল ট্রাম্পের বাকি মেয়াদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

অনলাইনে পাঁচ দিন ধরে পরিচালিত এ জরিপে ১ হাজার ৬৭৯ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক এবং ১ হাজার ২৮০ জন নিবন্ধিত ভোটার অংশ নেন। জরিপে দেখা গেছে, কংগ্রেসের সাধারণ নির্বাচনে ৪৭ শতাংশ নিবন্ধিত ভোটার ডেমোক্র্যাটদের সমর্থন করেছেন। অন্যদিকে রিপাবলিকানদের পক্ষে সমর্থন জানিয়েছেন ৩৬ শতাংশ ভোটার।

সিদ্ধান্তহীন ভোটারদের সম্ভাব্য পছন্দ হিসাব করার পর জাতীয় পর্যায়ে ডেমোক্র্যাটদের সমর্থন ৫০ শতাংশে দাঁড়িয়েছে, যেখানে রিপাবলিকানদের সমর্থন ৪১ শতাংশ।

নির্বাচনী বিশ্লেষণে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার সম্ভাবনা দেখা গেলেও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন তাদের জন্য তুলনামূলক কঠিন হতে পারে। তবে সম্ভাব্য ভোটারদের মধ্যে ৫৩ শতাংশ ডেমোক্র্যাটদের এবং ৪৪ শতাংশ রিপাবলিকানদের সমর্থন জানিয়েছেন।

নির্বাচন নিয়ে সমর্থকদের আগ্রহের ক্ষেত্রেও দুই দলের মধ্যে পার্থক্য দেখা গেছে। ডেমোক্র্যাট সমর্থকদের ৪৬ শতাংশ নির্বাচন নিয়ে অত্যন্ত উৎসাহী বলে জানিয়েছেন। রিপাবলিকান সমর্থকদের ক্ষেত্রে এ হার ৩০ শতাংশ।

এদিকে অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে মার্কিন ভোটারদের অসন্তোষ ট্রাম্প প্রশাসনের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। জরিপে অংশ নেওয়া ৭৩ শতাংশ ভোটার মনে করেন, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে পরিস্থিতি ভুল পথে এগোচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে ট্রাম্পের নির্দেশে ইরানে সামরিক অভিযান শুরুর পর জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে মূল্যস্ফীতির চাপও বেড়েছে। যুদ্ধের আগে অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে রিপাবলিকানদের ওপর তুলনামূলক বেশি আস্থা থাকলেও সাম্প্রতিক জরিপে ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছেন।

অর্থনীতি পরিচালনায় ৩৭ শতাংশ ভোটার ডেমোক্র্যাটদের বেশি আস্থাযোগ্য মনে করছেন। অন্যদিকে রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩৩ শতাংশ ভোটার।

সূত্র: রয়টার্স

Related posts

শিক্ষায় বিনিয়োগ ও সামরিক সেবার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে জার্মানিতে জেন জি বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

সাইবার হামলায় চুরি হওয়া অর্থের ৯০ শতাংশ পূরণ করল বাইন্যান্স