‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ এবং প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার সংবিধানে স্বীকৃত এসব অধিকার বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতেও করবে।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের দুর্গাপূজায় সর্বোচ্চ ছুটি, নিরাপত্তা এবং আনন্দমুখর পরিবেশে উৎসব উদ্‌যাপনের ব্যবস্থা করা হয়েছে। সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্য না করার পাশাপাশি প্রত্যেক নাগরিকের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। বিএনপি সরকার এসব অধিকার বাস্তবায়ন করছে।

সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে। তাহলে সংবিধান থেকে কিছু বলি, অনুচ্ছেদ ২৮-এ ধর্মের ভিত্তিতে বৈষম্য না করার কথা বলা হয়েছে, অনুচ্ছেদ ৪১-এ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা নিশ্চিতের কথা বলা হয়েছে। বিএনপি সরকার এই সবকিছু নিশ্চিত করছে।’

এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা হিন্দু ধর্মাবলম্বীদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছেন, সেই আওয়ামী লীগই হিন্দুদের জমি দখল করে রেখেছে।’

বাংলাদেশের সংবিধানের ২৮ অনুচ্ছেদে ধর্মসহ নির্দিষ্ট কিছু পরিচয়ের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে, ৪১ অনুচ্ছেদে আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের ধর্ম পালন, প্রচার ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার স্বীকৃত হয়েছে।

ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে স্বীকৃত এসব অধিকার বাস্তবায়নে সরকার কাজ করছে।

Related posts

শিক্ষায় বিনিয়োগ ও সামরিক সেবার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে জার্মানিতে জেন জি বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

সাইবার হামলায় চুরি হওয়া অর্থের ৯০ শতাংশ পূরণ করল বাইন্যান্স