সরকারি হাসপাতালে রোগীদের খাবারের বরাদ্দ ২৫০ টাকা করা হবে: স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দৈনিক খাবারের বরাদ্দ বাড়িয়ে ২৫০ টাকা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। বর্তমানে ভ্যাট ও ট্যাক্স কাটার পর রোগীদের খাবারের জন্য দৈনিক বরাদ্দ থাকে প্রায় ১৫০ টাকা। এই বরাদ্দ বাড়িয়ে ২৫০ টাকা করা হবে বলে জানান তিনি।

রোববার (১৮ অক্টোবর) রাতে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জিয়াউদ্দিন হায়দার বলেন, সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের খাবারের জন্য বরাদ্দ করা অর্থ থেকে ভ্যাট ও ট্যাক্স কাটার পর জনপ্রতি দৈনিক প্রায় ১৪৯ থেকে ১৫০ টাকা থাকে। বর্তমান বাজারে এই সামান্য অর্থ দিয়ে একজন রোগীর তিন বেলার পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা অত্যন্ত কঠিন।

দেশের স্বাস্থ্যব্যবস্থার পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান স্বাস্থ্যব্যবস্থা মূলত প্রচলিত চিকিৎসা ও রোগকেন্দ্রিক। এই ব্যবস্থার পরিবর্তে রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা চালুর প্রক্রিয়া চলছে।

স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী আরও বলেন, প্রধানমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য ও উন্নয়নকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে চলতি বছরই ৪৩ হাজার থেকে ৪৫ হাজার কর্মী নিয়োগ দেওয়া হবে। বর্তমানে কর্মরত ৪০ হাজার স্বাস্থ্যকর্মীর সঙ্গে নতুন কর্মীরা যুক্ত হলে গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারিত হবে।

তিনি বলেন, প্রতিটি পরিবারের কাছে বছরে অন্তত তিন থেকে চারবার স্বাস্থ্যকর্মীদের পৌঁছানো নিশ্চিত করতে চায় সরকার। স্বাস্থ্যকর্মীরা পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করবেন, যাতে রোগের প্রাথমিক পর্যায়েই তা শনাক্ত করা সম্ভব হয়। বিশেষ করে অসংক্রামক রোগ দেরিতে শনাক্ত হওয়ার কারণে অনেক মানুষ মারা যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের বিভিন্ন সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।

মতবিনিময় সভায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সিভিল সার্জন আ. স. ম. মাহবুবুল আলম, হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেলসহ হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Related posts

শিক্ষায় বিনিয়োগ ও সামরিক সেবার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে জার্মানিতে জেন জি বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

সাইবার হামলায় চুরি হওয়া অর্থের ৯০ শতাংশ পূরণ করল বাইন্যান্স