Home আজকের মিল্লাত বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: প্রধানমন্ত্রী

বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: প্রধানমন্ত্রী

A+A-
Reset

বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৯ অক্টোবর) ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও ‘ওসমানী উদ্যানের আধুনিকায়ন’ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল বিরোধিতার জন্যই বিরোধিতা করছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে না বলেই তারা জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও অংশ নেয়নি। বিরোধী দল আবারও আগের অবস্থানে ফিরে গেছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে দলটিকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, সব বিষয়ে একমত না হলেও দেশের মানুষের স্বার্থে দ্বিমত পোষণের কোনো সুযোগ নেই।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলন—উভয়ই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। দুই আন্দোলনের লক্ষ্যও ছিল একই।

জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক অধিকার ফিরে এসেছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আগামী পাঁচ বছর এই সরকার দেশ পরিচালনা করবে।

বিরোধী দলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এডিস মশা সরকারি দল কিংবা বিরোধী দল চেনে না। তাই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় হাসপাতালগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা