কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ফারুক আহমদ, স্টাফ রিপোর্টার:

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।

সোমবার (১৯ অক্টোবর) ভোর ৫টা ২৭ মিনিটে কোনাবাড়ীর আমবাগ এলাকার বঘিয়াপাড়ায় সরকারবাড়ী মসজিদসংলগ্ন একটি টিনশেড ঝুটের গুদামে আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ গুদামটিতে আগুনের শিখা ও ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে কোনাবাড়ী মডার্ণ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় সকাল ৬টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকাল ৮টা ২৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রায় ১০০ ফুট বাই ৭৫ ফুট আয়তনের ওই গুদামে বিভিন্ন ধরনের ঝুট কাপড়, আসবাবসহ নানা পণ্য সংরক্ষিত ছিল। আগুনে গুদামে থাকা বিপুল পরিমাণ মালামালের একটি অংশ পুড়ে যায়।

এ বিষয়ে কোনাবাড়ী মডার্ণ ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ বা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় ৫০ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Related posts

শিক্ষায় বিনিয়োগ ও সামরিক সেবার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে জার্মানিতে জেন জি বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

সাইবার হামলায় চুরি হওয়া অর্থের ৯০ শতাংশ পূরণ করল বাইন্যান্স