দাবি না মানা পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চলবে: গালিবাফ

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধ কিংবা দীর্ঘমেয়াদি আলোচনা—কোনোটিই চায় না ইরান। তবে ওয়াশিংটন নিজেদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাতে আল জাজিরা জানিয়েছে, বুধবার (১৪ অক্টোবর) দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ অবস্থানের কথা জানান।

গালিবাফ বলেন, যুদ্ধক্ষেত্রে অর্জিত সাফল্যকে রাজনৈতিক অঙ্গনেও সুসংহত করতে হবে। তিনি বলেন, ‘যখনই আমরা যুদ্ধক্ষেত্রে বিজয় অর্জন করব, তখন রাজনৈতিক অঙ্গনেও সেই বিজয়ের ভিত্তি সুদৃঢ় করতে হবে।’

ইরানের পার্লামেন্টের স্পিকার আরও বলেন, ‘এর অর্থ অন্তহীন যুদ্ধ ও দীর্ঘস্থায়ী আলোচনা নয়। আমরা শত্রুকে ক্লান্ত করে তুলতে লড়াই করি, যাতে তারা আমাদের দাবি মেনে নিতে বাধ্য হয়।’

এদিকে, হরমুজ প্রণালির কাছে দুটি জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি জাহাজে প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তু আঘাত হানে। অন্য জাহাজটি সমুদ্রের মাইনে আঘাত পেয়ে ডুবে যায় বলে জানা গেছে।

ওই অঞ্চলে অব্যাহত হামলার কারণে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এতে বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এ নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

অন্যদিকে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে বলে আবারও দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। এ ছাড়া ইরান তাদের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হারিয়েছে বলেও দাবি করেন তিনি।

অ্যারিজোনার বুলহেড সিটিতে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের প্রথম সারির নেতাদের অনেকেই নিহত হয়েছেন। এরপর দ্বিতীয় সারির নেতাদের দায়িত্ব দেওয়া হলেও তাঁদের অনেকে নিহত হয়েছেন। তৃতীয় সারির নেতাদের মধ্যেও অর্ধেক নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘তারা আমাকে আর কাউকে হত্যা না করার প্রতিশ্রুতি দিতে বলেছিল। আমি প্রতিশ্রুতি দিয়েছি।’

Related posts

শিক্ষায় বিনিয়োগ ও সামরিক সেবার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে জার্মানিতে জেন জি বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

সাইবার হামলায় চুরি হওয়া অর্থের ৯০ শতাংশ পূরণ করল বাইন্যান্স