ভোটার তালিকা নিয়ে বিরোধীদের পদযাত্রা, দিল্লিতে কঠোর নিরাপত্তা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে বিরোধী দলগুলোর পদযাত্রার ঘোষণাকে কেন্দ্র করে দিল্লিজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ কর্মসূচি ঘিরে সোমবার (১২ অক্টোবর) সকাল ৬টা থেকে রাজধানীতে যান চলাচলে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সোমবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দিল্লি ট্রাফিক পুলিশ জানিয়েছে, ধৌলা কুয়াঁ ফ্লাইওভার, মান্ডি হাউস, ঝান্ডেওয়ালান, পঞ্চকুয়াঁ, কনট প্লেস, প্যাটেল চক, লোদি রোড ফ্লাইওভার, ভিকাজি কামা প্লেস, মতিবাগ ফ্লাইওভার, অশোক রোড, যন্তর মন্তর রোড, সংসদ মার্গ ও টলস্টয় মার্গসহ ৩০টি স্থানে যান চলাচল ব্যাহত হতে পারে।

জরুরি প্রয়োজন ছাড়া এসব সড়ক এড়িয়ে চলতে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বাস টার্মিনাল, রেলস্টেশন ও বিমানবন্দরে যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত সময় হাতে রাখার অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ।

নিরাপত্তা পর্যালোচনার অংশ হিসেবে নয়াদিল্লি জেলাকে ২০টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনে ডেপুটি পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ৩৭টি স্থানে ব্যারিকেড স্থাপন করা হয়েছে।

এর আগে শনিবারের বিক্ষোভে প্রায় ৪১ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল। ওই সময় সাবেক চার মুখ্যমন্ত্রী এবং ককোরোচ জনতা পার্টির (সিজিপি) নেতাসহ সাত হাজারের বেশি মানুষকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সিজিপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানিয়েছেন, তিনি সৌরভ দাস ও রত্না সিংকে সঙ্গে নিয়ে এক দিনের প্রতিবাদ কর্মসূচির অনুমতি চাইতে পার্লামেন্ট স্ট্রিট থানায় যাবেন। একই দিনে পদযাত্রার ঘোষণা দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসও (আইএনসি)।

সোমবার সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকায় রাজধানীতে যানজট ও যাতায়াতে বিলম্বের আশঙ্কা রয়েছে। তবে দিল্লি মেট্রোর চলাচল নিয়ে নতুন কোনো সিদ্ধান্তের কথা এখনো জানানো হয়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Related posts

শিক্ষায় বিনিয়োগ ও সামরিক সেবার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে জার্মানিতে জেন জি বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

সাইবার হামলায় চুরি হওয়া অর্থের ৯০ শতাংশ পূরণ করল বাইন্যান্স