তুরস্কে ট্যুর বাস-টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

পশ্চিম তুরস্কের মানিসা প্রদেশে একটি ট্যুর বাস ও কাঠবাহী টো ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন।

সোমবার (১২ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মানিসা গভর্নরের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, রোববার সকালে গেবজে-ওরহানগাজী-ইজমির মহাসড়কের আকহিসার টোল বুথের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনায় ট্যুর বাসটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বাসটি উল্টে যায়। কাঠ বহনকারী টো ট্রাকটিও দুর্ঘটনাস্থলে উল্টে পড়ে থাকে।

হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়পত্র পাওয়ার পরপরই বাসটির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা চিফতচি নিহতদের নিজ দেশের নাগরিক বলে উল্লেখ করেছেন। তবে হতাহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক রয়েছেন কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এদিকে, মানিসার গভর্নর ওয়াহদেত্তিন ওজকান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সূত্র: আল জাজিরা

Related posts

শিক্ষায় বিনিয়োগ ও সামরিক সেবার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে জার্মানিতে জেন জি বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

সাইবার হামলায় চুরি হওয়া অর্থের ৯০ শতাংশ পূরণ করল বাইন্যান্স