দাবি না মানলে ইরানের অস্তিত্ব বিলীন হয়ে যাবে: ট্রাম্প

ইরানকে যুক্তরাষ্ট্রের সব দাবি মেনে নিতে হবে, অন্যথায় দেশটির অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (৯ অক্টোবর) নিউইয়র্কের উত্তরাঞ্চলে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় ইরানের প্রতি এ হুঁশিয়ারি দেন তিনি।

ট্রাম্প বলেন, ইরানি কর্তৃপক্ষও পরিস্থিতির বাস্তবতা ভালোভাবেই উপলব্ধি করে। তবে যুক্তরাষ্ট্রের দাবিগুলো কীভাবে এবং কোন শর্তে মেনে নিতে হবে, সে বিষয়ে তিনি বক্তব্যে বিস্তারিত কিছু জানাননি।

এদিন বক্তব্যে নোবেল শান্তি পুরস্কার নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। প্রতিবছরের মতো এবারও তাকে এ পুরস্কার না দেওয়ায় নোবেল কমিটির সমালোচনা করেন তিনি।

পুরস্কার প্রদানকারী সংস্থাকে ‘দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দিয়ে ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক বিচারক নবনেথেম পিল্লাইকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেন। এ সময় তিনি পিল্লাইকে ‘রহস্যময় ব্যক্তি’ বলেও উল্লেখ করেন।

ট্রাম্পের অভিযোগ, এ সিদ্ধান্ত নরওয়ের জন্য একটি অমোচনীয় কলঙ্ক হয়ে থাকবে। একই সঙ্গে গণতন্ত্রবিরোধী ও সভ্যতার শত্রু হিসেবে বর্ণনা করা একদল চরমপন্থী মতাদর্শীর কারণে নোবেল শান্তি পুরস্কার স্থায়ীভাবে তার মর্যাদা হারিয়েছে বলেও দাবি করেন তিনি।

সূত্র: সিবিএস নিউজ

Related posts

শিক্ষায় বিনিয়োগ ও সামরিক সেবার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে জার্মানিতে জেন জি বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

সাইবার হামলায় চুরি হওয়া অর্থের ৯০ শতাংশ পূরণ করল বাইন্যান্স