কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলা, ভারতীয় নাবিকদের ট্যাঙ্কারে আগুন

রাশিয়ার উপকূলের কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় ২৩ ভারতীয় নাবিক বহনকারী লাইবেরিয়ার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর জাহাজে থাকা ২৩ জন ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, সমুদ্রপথে পরিচালিত ড্রোনের হামলায় ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। এতে কৃষ্ণসাগরের পানিতে ছড়িয়ে পড়া অপরিশোধিত তেলও জ্বলছে। আগুন ও ধোঁয়ার তীব্রতা কমে এলে ফায়ার সার্ভিসের সদস্যরা আবারও আগুন নিয়ন্ত্রণে অভিযান শুরু করবেন বলে জানানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে রাশিয়ার প্রায় পাঁচ লাখ জনসংখ্যার রিসোর্ট শহর সোচির কাছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উপকূলের কাছে সমুদ্রে তীব্র কমলা রঙের আগুনের শিখা এবং আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সোচির সমুদ্রসৈকত ও উপকূলীয় এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন স্থানীয় মেয়র।

এর মাত্র এক দিন আগে রোমানিয়ার উপকূলে আরেকটি জাহাজে অগ্নিকাণ্ডের পর সেটি ডুবে যায়। ওই ঘটনায় একজন নিহত ও একজন নিখোঁজ হন। ইউক্রেনের দাবি, রাশিয়ার ড্রোন হামলায় জাহাজটিতে আগুন লাগে এবং এতে একজন ভারতীয় নাবিক আহত হন।

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ ও জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনা বেড়েছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সমুদ্র ও আকাশপথে হামলার অভিযোগ করে আসছে।

সম্প্রতি রাশিয়া ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলা বাড়িয়েছে। অন্যদিকে ইউক্রেনও রাশিয়ার শহর ও সামরিক স্থাপনায় হামলার জবাবে দেশটির তেল অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে।

কৃষ্ণসাগরীয় এলাকায় এর আগের কয়েকটি ইউক্রেনীয় হামলার পর তেল ছড়িয়ে পড়া, সৈকত বন্ধ এবং পরিবেশগত ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে।

Related posts

শিক্ষায় বিনিয়োগ ও সামরিক সেবার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে জার্মানিতে জেন জি বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

সাইবার হামলায় চুরি হওয়া অর্থের ৯০ শতাংশ পূরণ করল বাইন্যান্স