উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কম্পন দিল্লিতেও

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় ৪ দশমিক ৯ মাত্রার মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ২০ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কম্পন উত্তরাখণ্ডের পাশাপাশি রাজধানী দিল্লি ও আশপাশের এলাকাতেও অনুভূত হয়েছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) রাতে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভূমিকম্পের পর দিল্লির বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নিজেদের অভিজ্ঞতার কথা জানান। দক্ষিণ দিল্লির সফদরজং এলাকার এক বাসিন্দা জানান, কম্পন অনুভূত হওয়ার সময় তিনি সোফায় বসেছিলেন এবং সোফাটিকে নড়তে দেখেন।

তবে ভূমিকম্পের পর আতঙ্কের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নেটিজেনদের মধ্যে মিম ও রসিকতাও শুরু হয়। বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজের জনপ্রিয় দৃশ্য এবং জিআইএফ শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানান অনেকে।

এক ব্যবহারকারী ‘পঞ্চায়েত’ সিরিজের একটি জনপ্রিয় জিআইএফ শেয়ার করে লেখেন, ‘ভূমিকম্পের মাত্রা ৫-এর নিচে হলে দিল্লির মানুষেরা যেভাবে প্রতিক্রিয়া দেখায়।’

এদিকে উত্তরাখণ্ডের ভূমিকম্পের আগে একই দিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের নগাঁও জেলায় ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পটি ভোরে অনুভূত হয় এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।

Related posts

শিক্ষায় বিনিয়োগ ও সামরিক সেবার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে জার্মানিতে জেন জি বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

সাইবার হামলায় চুরি হওয়া অর্থের ৯০ শতাংশ পূরণ করল বাইন্যান্স